Editors Choice

3/recent/post-list

Search This Blog

Sarika (সারিকা)-মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutta)-বাংলা কবিতা (Bangla Kobita)-(ব্রজাঙ্গনা কাব্য)

সারিকা
মাইকেল মধুসূদন দত্ত



ওই যে পার্থীটি, সখি, দেখিছ পিঞ্জরে রে,
সতত চঞ্চল,—
কভু কাঁদে, কভু গায়, যেন পাগলিনী-প্রায়,
জলে যথা জ্যোতিবিম্ব—তেমতি তরল!
কি ভাবে ভাবিনী যদি বুঝিতে,স্বজনি,
পিঞ্জর ভাঙিয়া ওরে ছাড়িতে অমনি!



নিজে যে দুঃখিনী, পরদুঃখ বুঝে সেই রে,
কহিনু তোমারে;—
আজি ও পাখীর মনঃ বুঝি আমি বিলক্ষণ—
আমিও বন্দী লো আজি ব্রজ-কারাগারে!
সারিকা অধীর ভাবি কুসুম-কানন,
রাধিকা অধীর ভাবি রাধা-বিনোদন!



বনবিহারিণী ধনী বসন্তের সখী রে—
শুকের সুখিনী?
বলে ছলে,ধরে তারে, বাঁধিয়াছ কারাগারে—
কেমনে ধৈরজ ধরি রবে সে কামিনী?
সারিকার দশা, সখি, ভাবিয়া অস্তরে,

রাধিকারে বেঁধো না লো সংসার-পিঞ্জরে!



ছাড়ি দেহ বিহগীরে মোর অনুরোধে রে—
হইয়া সদয়।
ছাড়ি দেহ যাক্ চলি, হাসে যথা বনস্থলী—
শুকে দেখি সুখে ওর জুড়াবে হৃদয়!
সারিকার ব্যথা সারি, ওলো দয়াবতি,
রাধিকার বেড়ি ভাঙ—এ মম মিনতি।



এ ছার সংসার আজি অাঁধার, স্বজনি রে—
রাধার নয়নে!
কেনে তবে মিছে তারে রাখ তুমি এ আঁধারে—
সফরী কি ধরে প্রাণ বারির বিহনে?
দেহ ছাড়ি, যাই চলি যথা বনমালী;
লাগুক্ কুলের মুখে কলঙ্কের কালি!



ভাল যে বাসে, স্বজনি, কি কাজ তাহার রে
কুলমান ধনে?
শ্যামপ্রেমে উদাসিনী রাধিকা শ্যাম-অধীনী—
কি কাজ তাহার অাজি রত্ন আভরণে?
মধু কহে, কুলে ভুলি কর লো গমন—
শ্ৰীমধুসূদন, ধনি, রসের সদন!

Post a Comment

0 Comments